নিজস্ব সংবাদদাতা : নবান্ন-রাজভবন সংঘাত অব্যাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করুন না কেন, সংঘাত হ্রাসের দিকে যাচ্ছেই না। এবার রাজ্যপালের সঙ্গে সৌজন্য বজায় রাখলেও তাঁর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে বিধানসভায় প্রস্তাব আনতে তৎপর রাজ্য শাসকদল। আবার আগামী ২২ অগস্ট আবার বাদল অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের বিরোধিতা করে প্রস্তাবের খসড়া প্রস্তুত হয়েছে। প্রাথমিকভাবে তাতে সই করেছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। প্রস্তাবক হওয়ার সম্ভাবনা আরও দু’এক জনের। তৃণমূলের পরিষদীয় দলের সূত্র মাফিক, বাদল অধিবেশনের দ্বিতীয়ার্ধের গোড়াতেই এই প্রস্তাব আনা হতে পারে। এবং ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের বিষয়টিকে প্রকাশ্যে তুলে ধরে জোড়াফুল শিবির রাজভবনের বিভিন্ন সিদ্ধান্ত আলোচনায় নিয়ে আসতে চাইছে।
পঞ্চায়েত নির্বাচনের পূর্ব থেকেই ঠান্ডা লড়াইয়ের উত্থান। স্বাধীনতা দিবসের দিন রাজভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করে এসেছিলেন রাজ্যপালের সঙ্গে। তখন দু’পক্ষের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়। কিন্তু রাজভবন যেমম প্রশাসনিক ব্যবস্থায় পদক্ষেপ নিচ্ছে, তেমন রাজ্য সরকারও তাঁর বিরুদ্ধে যা পদক্ষেপ করার দরকার মনে করছে, তা’ই করছে। সুতরাং রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব নিয়ে এলে সংঘাত আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।







