বলিউড এবং টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব শনিবার, ২৪ মে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ‘দস্তক’, ‘সর্ফারোশ’ সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় বিনোদন জগতে নিজের ছাপ রেখে গেছেন। ১৯৭০ সালের ৩০ সেপ্টেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন মুকুল দেব। তিনি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন এবং তাঁর দাদা রাহুল দেবও একজন জনপ্রিয় অভিনেতা ও প্রাক্তন মডেল। মজার বিষয়, মুকুলের প্রথম স্বপ্ন ছিল পাইলট হওয়া। তিনি চণ্ডীগড়ের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স-এ প্রশিক্ষণও নিয়েছিলেন, কিন্তু ভাগ্যের ইচ্ছায় অভিনয়ের জগতে প্রবেশ করেন।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দস্তক’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মুকুল দেবের। একই বছরে তিনি জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘মুমকিন’-এ অভিনয় করে টেলিভিশন দর্শকের মনে জায়গা করে নেন। তাঁর সহজ সাবলীল অভিনয় ও ব্যক্তিত্ব খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। অভিনেতার অন্যতম গুণ ছিল সবার মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। ইয়ামলা পাগলা দিওয়ানা,সন অফ সর্দার,আর রাজকুমার ও জয় হোর মতো ছবিতে তিনি উল্লেখযোগ্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। পুলিশ, সেনা অফিসার বা সরকারি আধিকারিকের চরিত্রে তাঁর দৃঢ়তা ও সংযত সংলাপ বলার ভঙ্গি দর্শকদের মনে দাগ কেটেছিল।
তিনি পাঞ্জাবি ও তেলেগু সিনেমাতেও অভিনয় করে প্রমাণ করেছেন তাঁর ভাষাগত ও সাংস্কৃতিক দক্ষতা। ছোট পর্দায় ‘ফিয়ার ফাইলস: দর কি সাচ্চি তসভিরেঁ’ র সঞ্চালনা থেকে শুরু করে ‘কহি দিয়া জলে কহি জিয়া’ ও ‘কহি কিসি রোজ’ ধারাবাহিকে তাঁর উপস্থিতি প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। অভিনেতা ছাড়াও মুকুল ছিলেন একজন সফল মডেল। মডেলিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারাভিযানে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত জীবনকে সব সময় আড়ালেই রেখেছেন মুকুল দেব। ভাই রাহুল দেবের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল এবং একাধিক সাক্ষাৎকারে তাঁরা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। সহকর্মী ও পরিচালকেরা সবসময় তাঁর পেশাদারিত্ব ও শান্ত স্বভাবের প্রশংসা করেছেন। ভারতীয় বিনোদন জগৎ আজ হারাল এক গুণী শিল্পীকে, যিনি নিরলস পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে নিজের অবস্থান গড়ে তুলেছিলেন। অভিনেতার এই অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।







