খেলাধুলা

বিশ্বকাপের শুরুতেই জয়, ওয়েলসকে হারিয়ে স্বপ্নের পথে ভারত

আমস্টেলভিনে হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শনিবার প্রথম ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করল হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দল। ভারতের হয়ে দু’টি গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। অন্য গোলটি সঞ্জয়ের। ভারতের তিনটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে।

ওয়েলসের বিরুদ্ধে আগের পাঁচ সাক্ষাতে চার বার জয় পেয়েছিল ভারত। একটি ম্যাচ ড্র হয়েছিল। তবে এদিন ম্যাচের শুরুতে কিছুটা দাপট দেখায় ওয়েলস। প্রথম কয়েক মিনিটেই ভারতের রক্ষণে চাপ তৈরি করে তারা। তবে গোলের নিচে অসাধারণ পারফরম্যান্স করেন সূরজ কারকেরা। একের পর এক আক্রমণ প্রতিহত করে দলকে স্বস্তিতে রাখেন তিনি।

নবম মিনিটে প্রথম সাফল্য পায় ভারত। পেনাল্টি কর্নারে প্রথম শট ব্যর্থ হলেও ফিরতি বল কাজে লাগিয়ে গোল করেন সঞ্জয়। মাত্র দু’মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকে তাঁর নিখুঁত শটে ওয়েলসের গোলকিপারের কিছুই করার ছিল না।

দ্বিতীয় কোয়ার্টারে ভারতের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। একাধিক সুযোগ তৈরি করলেও পেনাল্টি কর্নার থেকে আর গোল করতে পারেনি তারা। পাল্টা সুযোগ পেয়েছিল ওয়েলসও। প্রিচার্ড একা গোলকিপারের সামনে চলে গিয়ে কারকেরাকে কাটিয়ে গেলেও তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।

তৃতীয় কোয়ার্টারে ফের আক্রমণের গতি বাড়ায় ওয়েলস। ভারতের বক্সে বেশ কয়েকবার ঢুকেও জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ম্যাচের শেষের দিকে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। তাঁর শক্তিশালী শটে বল সরাসরি জালে গিয়ে জড়ায়। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

চতুর্থ কোয়ার্টারে মরিয়া হয়ে গোলের সন্ধানে নামে ওয়েলস। পেনাল্টি কর্নার থেকে গ্যারেথ ফারলংয়ের জোরালো শট দুরন্ত দক্ষতায় রুখে দেন কারকেরা। তবে ১১ মিনিটের মাথায় গোলমুখের জটলা থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান ওয়েলসের স্যাম ওয়েলশ। শেষ পর্যন্ত আর কোনও গোল হয়নি। ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে শেষ বার এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর কেটে গিয়েছে ৫১ বছর, কিন্তু বিশ্বকাপের ট্রফি আর ঘরে তুলতে পারেনি ভারতীয় দল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্যেই স্বাধীনতা দিবসে বিশ্বকাপ অভিযান শুরু করল হরমনপ্রীতের দল। প্রথম ম্যাচেই জয় পেয়ে সেই স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেল ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.