কালিয়াগঞ্জে রবিবার গভীর রাতে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। ৯ নম্বর ওয়ার্ডের শেঠবাগান এলাকার ওই বাড়িতে একাধিক বিস্ফোরণ ঘটে ও মুহূর্তে আগুন লেগে যায়। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন নিতাই মহান্ত নামে এক ব্যক্তি। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে বহু মানুষ মহিলা ও শিশুদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী। প্রথমে দুটি ইঞ্জিন এবং পরে আরও তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় নিতাই মহান্তকে। তাঁকে প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতাল এবং পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে মোট ১০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। আরও কয়েকটি সিলিন্ডার মজুত ছিল বলেও জানা যায়। প্রশ্ন উঠেছে—গৃহস্থ বাড়িতে এত গ্যাস সিলিন্ডার কেন? বেআইনি গ্যাস সিলিন্ডার ব্যবসার সঙ্গে কি যুক্ত ছিলেন ওই ব্যক্তি?
দমকলের প্রাথমিক অনুমান, কোনও একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছিল এবং কোনওভাবে আগুন জ্বালাতে গিয়েই বিস্ফোরণ ঘটে। বড় বিপর্যয় এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







