অপারেশন সিঁদুরে ভারতের ঐতিহাসিক সাফল্যের পর প্রথমবার গুজরাট সফরে এসে রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দু’দিনের কর্মসূচিতে আহমেদাবাদে পৌঁছান তিনি, আর সেখানেই হয় এক বর্ণাঢ্য রোড-শো। পুষ্পবৃষ্টি ও দেশপ্রেমে ভরা পরিবেশে মুখর হয়ে ওঠে শহর। হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। তাঁদের চোখেমুখে ছিল গর্ব, আবেগ ও চরম উচ্ছ্বাস।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ এই রোড-শো দেখতে ভিড় করেন। সেই ভিড়ের মধ্যেই ছিলেন অপারেশন সিঁদুরের অন্যতম সেনা কমান্ডার কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। তাঁর কৌশলেই ভারতীয় সেনা এই সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছিল। মোদীর রোড-শোতে তাঁদের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
এই উপলক্ষে কর্নেল সোফিয়ার দাদা সঞ্জয় কুরেশি বলেন, “এই মুহূর্তের কোনও তুলনা হয় না। আমরা জীবনে প্রথমবার প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখলাম। উনিও আমাদের দিকে তাকিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান।”
গুজরাট সফরে প্রধানমন্ত্রী ৮২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন দাহোদ ও ভূজে। ভূজে আরও ৫৩ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধনের পাশাপাশি গান্ধীনগরেও নানা কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এর মধ্যে রয়েছে কান্ডলা বন্দর, সৌর বিদ্যুৎ প্রকল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, ও ২ হাজার কোটি টাকার রেল প্রকল্প।
এই সফর প্রমাণ করল—সামরিক কৃতিত্ব এবং উন্নয়ন, দুই ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী মোদী।







