চোখ রাঙাতে শুরু করেছে ভারতের ইংল্যান্ড সফর। শুরু হয়েছে কথার লড়াই। আর সেই বাগ্যুদ্ধের কেন্দ্রে ভারতীয় পেস সেনাপতি জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের ‘বাজ়বল’ কৌশল নিয়ে মুখ খুলে প্রথম ধাক্কা দিলেন তিনি। স্টোকসদের আক্রমণাত্মক ক্রিকেট কৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রধান অস্ত্র।
বুমরাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “ওরা যে ভাবে ক্রিকেট খেলে, সেটা আমার বোধগম্য নয়। একজন ব্যাটার যদি অতিরিক্ত আগ্রাসী হয়ে পড়ে, তাহলে যেকোনও সময় উইকেট নেওয়া যায়। আমি বোলার হিসাবে আত্মবিশ্বাসী।” স্টোকসদের ‘বাজ়বল’ ঘরানায় ভারত যে ভয় পাচ্ছে না, বুমরাহর বক্তব্যে তা পরিষ্কার।
ডিউক বল নিয়ে আলাদা করে উদ্বেগ থাকলেও বুমরাহর চোখে তা এক নতুন চ্যালেঞ্জ। বলেন, “ইংল্যান্ডে বল সুইং করাতে সাহায্য করে, তবে বল নরম হয়ে গেলে সমস্যা হয়। ডিউক বল কখন কেমন ব্যবহার হবে, সেটা আগে থেকে বলা যায় না। তবে আমি তৈরি।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা সিরিজ খেলে কিছুটা চোটগ্রস্ত হয়ে পড়েছিলেন বুমরাহ। আইপিএলে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরেছেন। ইংল্যান্ড সফরে হয়তো তিনটি টেস্টেই খেলবেন তিনি। তবে তাতেই ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট বলেই মনে করছে ভারতীয় শিবির। সফর শুরুর আগেই তাই বার্তা—“বাজ় বললে হবে না, এবার বুম বুম সামলাও!”







