পূর্ব বর্ধমান জেলার বড়শুল এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃতের নাম শেখ আকতার (৬৪)। বাড়ি বড়শুল ২ নম্বর অঞ্চলের তাঁতখণ্ড গ্রামে। বুধবার বড়শুল হাসপাতাল মোড়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা। জানা গেছে, হাটতলা থেকে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বালি বোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাঁকে পিষে দিয়ে চলে যায়।
ঘটনার পর মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রাস্তায় রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁতখণ্ড মোড় এলাকায় উত্তেজিত মানুষজন বালি বোঝাই ট্রাক, ডাম্পার ও ট্র্যাক্টর আটকে বিক্ষোভ শুরু করেন। শুরু হয় পথ অবরোধ। তাঁদের অভিযোগ, দামোদর নদ থেকে দিনরাত বালি নিয়ে দ্রুতগতিতে চলাচল করে এই সব যানবাহন। জনবহুল রাস্তায় স্কুল থাকা সত্ত্বেও কোনো নিয়ন্ত্রণ নেই।
স্থানীয়দের দাবি, অবিলম্বে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার বসানো এবং ট্রাফিক নজরদারির ব্যবস্থা করুক প্রশাসন। এই দুর্ঘটনা প্রশাসনিক গাফিলতির ফসল বলেই দাবি তাঁদের।
ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে শক্তিগড় থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক।
এদিকে এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের ক্ষোভ, আরও কত প্রাণ গেলে প্রশাসন জাগবে?
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করলেও, মানুষের মনে রয়ে গেছে এক বড় প্রশ্ন—আর কতটা অবহেলা?







