২০১০ সালের ৪ জুন মুক্তি পেয়েছিল অজয় দেবগন, রণবীর কাপুর, মনোজ বাজপেয়ী ও ক্যাটরিনা কাইফ অভিনীত রাজনৈতিক প্রেক্ষাপটভিত্তিক ব্লকবাস্টার সিনেমা ‘রাজনীতি’। মুক্তির ১৫ বছর পর এবার আসছে সিনেমাটির সিকুয়েল ‘রাজনীতি ২’। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক প্রকাশ ঝা জানালেন, অনেকদিন ধরেই দ্বিতীয় পর্বের পরিকল্পনা ছিল, এবার শুরু হয়েছে প্রস্তুতির কাজ। প্রকাশ ঝা বলেন,”রাজনীতির যাত্রা তো অনন্তকালের, এটা চলতেই থাকবে। রাজনীতি ২-এর পরিকল্পনা ছিল শুরু থেকেই। যদিও এখনও চূড়ান্ত কাস্টিং ঠিক হয়নি, তবে খুব শিগগিরই আমরা ঘোষণা করব। কাজ শুরু হয়ে গিয়েছে।”
২০১০ সালের ‘রাজনীতি’ ছিল একটি বহুরূপী রাজনৈতিক নাটক, যা বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। সিনেমাটির বিভিন্ন দৃশ্য ও গান পেয়েছিল দর্শকপ্রিয়তা। সেই স্মৃতিচারণ করে পরিচালক জানান,”রাজনীতি ছবিতে একটি ভিড়ের দৃশ্যের জন্য আমরা ৮ হাজার জন অভিনেতাকে কাস্টিং করেছিলাম। মজার বিষয় হলো, প্রত্যেকেই স্ক্রিপ্ট শুনে রাজি হয়েছিলেন। সিনেমার সাউন্ডট্র্যাকও ভীষণ হিট হয়েছিল।” পরিচালক আরও একটি মজার তথ্য ভাগ করে নেন,”বিভিন্ন চরিত্রের জন্য আলাদা হেলিকপ্টারের প্রয়োজন ছিল, কিন্তু বাজেট বাঁচাতে আমরা একটি হেলিকপ্টারের দুই পাশে দুটি আলাদা রঙ করে সেটিকে দুইভাবে ব্যবহার করি। রাজনীতি ছিল এমন একটি সিনেমা যেখানে রণবীর প্রথমবারের মতো পিস্তল হাতে নিয়েছিল।”
২০১৬ সালে প্রকাশ ঝা লিখেছিলেন ‘রাজনীতি: দ্য ফিল্ম অ্যান্ড বিয়ন্ড’ নামক একটি বই, যেখানে তিনি সিনেমাটির নির্মাণ-ভিত্তিক অনেক অজানা গল্প তুলে ধরেন। তবে এখনো জানা যায়নি, দ্বিতীয় পর্বে ফিরবেন কিনা প্রথম পর্বের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। কবে মুক্তি পাবে ‘রাজনীতি ২’, সে বিষয়েও কিছু বলেননি পরিচালক। আপাতত সিনেমাপ্রেমীদের অপেক্ষা, রাজনীতি-র মঞ্চে আবার কবে ফিরবেন সেই পরিচিত মুখগুলো।







