অবশেষে পরিণতি পেল দীর্ঘ ১৩ বছরের প্রেম। আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন হিনা। এক ঘরোয়া অনুষ্ঠানেই সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ে।
বিয়েতে হিনা এবং রকি দুজনেই বেছে নিয়েছিলেন পেস্টেল রঙের পোশাক। ছবিতে হিনাকে দেখা গেছে একজন পরিপূর্ণ ছিমছাম নববধূ হিসেবে, যা ভালোবাসায় মোড়া। নিজেদের বিশেষ এই দিনে দারুণ খুশি এই দম্পতি।
ছবিগুলো শেয়ার করে হিনা একটি আবেগঘন ক্যাপশনও লিখেছেন। তিনি লেখেন, “দুটি ভিন্ন জগত থেকে আমরা ভালোবাসার একটি মহাবিশ্ব তৈরি করেছি। আমাদের ভিন্নতা ফিকে হয়ে গেছে এবং আমাদের হৃদয় একত্রিত হয়েছে, যা তৈরি করেছে আজীবনের বন্ধন। আমরা আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা এবং একসঙ্গে আমরা সমস্ত বাধা অতিক্রম করি। আজ, আমাদের মিলন ভালোবাসা এবং আইনের মাধ্যমে চিরতরে সিলমোহর পেল। স্ত্রী এবং স্বামী হিসেবে আমরা আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করছি।”
হিনা খান এবং রকি জয়সওয়ালের প্রথম দেখা হয় হিনার জনপ্রিয় টেলিভিশন শো ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। যেখানে হিনা প্রধান চরিত্র অক্ষরার ভূমিকায় অভিনয় করছিলেন, রকি ছিলেন একজন সুপারভাইজিং প্রযোজক। বন্ধুত্ব থেকে প্রেম, এবং ২০১৭ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বছর জুন মাসে হিনা খান স্টেজ ৩ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। এই কঠিন সময়ে রকি তাঁর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি হিনা তাঁর কাজেও সক্রিয় ছিলেন। তাঁকে শেষ দেখা গেছে ‘গৃহ লক্ষ্মী’ ওয়েব সিরিজে।







