হরিদ্বারে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়লেন এক প্রাক্তন বিজেপি নেত্রী ও তাঁর প্রেমিক। শুধু তাই নয়, অভিযোগ আরও ভয়াবহ—কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে এবং সেই অপরাধের সাক্ষী ছিলেন তার নিজের মা!
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলা একসময় বিজেপির মহিলা মোর্চার নেত্রী ছিলেন। ঘটনার পরই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে, বাতিল হয়েছে সদস্যপদ। যদিও হরিদ্বারের বিজেপি নেতৃত্বের দাবি, ২০২৪ সালের অগস্ট মাসের পর থেকে ওই মহিলা আর কোনও দলে পদে ছিলেন না।
তদন্তকারীরা জানিয়েছেন, মহিলা স্বামীর সঙ্গে আইনত বিচ্ছিন্ন না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছিলেন। তিনি তাঁর প্রেমিকের সঙ্গে সহবাস করছিলেন, আর কিশোরী কন্যা থাকত বাবার কাছে। অভিযোগ, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত হরিদ্বার, আগরা ও বৃন্দাবনের বিভিন্ন হোটেলে একাধিকবার ধর্ষিত হয়েছে মেয়েটি। আর প্রত্যেকবার সেই ঘটনার সাক্ষী ছিলেন তার মা নিজেই!
সবকিছুর পরেও সাহস দেখিয়ে মেয়েটি পুরো ঘটনার কথা জানায় বাবাকে। এরপরই পুলিশে অভিযোগ দায়ের হয়। তদন্তে নামে পুলিশ, কিশোরীর মেডিক্যাল রিপোর্টে উঠে আসে শারীরিক নির্যাতনের প্রমাণ। হরিদ্বারের এসএসপি প্রমেন্দ্র ডোভাল জানিয়েছেন, বুধবার অভিযুক্ত মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে একটি হোটেল থেকে। পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে প্রেমিকের এক সহযোগী এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কী এমন কারণে মা নিজের কন্যার সর্বনাশ হতে দিলেন? মেয়ের প্রতি কোনও আক্রোশ, না কি আরও গভীর কোনও চক্রান্ত? উত্তর খুঁজছে গোটা দেশ।







