জেলা

রাতে নিখোঁজ, সকালে মৃতদেহ! মালদা মেডিক্যালে রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিখোঁজ হওয়ার ঘণ্টা কয়েক পরেই হাসপাতাল চত্বরের নির্মীয়মান ভবনের কাছে মিলল রোগীর নিথর দেহ। মৃতের নাম দুখু আহেরি (৪৫), পেশায় শ্রমিক, বাড়ি পুরাতন মালদার শুকানদিঘি এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জ্বরের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। স্ত্রী চিন্তামণি আহেরি জানিয়েছেন, বুধবার রাত ১১টা পর্যন্ত তিনি স্বামীর পাশেই ছিলেন। কিন্তু এরপর নাস ও নিরাপত্তারক্ষীরা জানান, পুরুষ ওয়ার্ডে মহিলা থাকা নিষেধ, ফলে তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে স্বামীর খোঁজে ফের হাসপাতালে এলে ওয়ার্ডে স্বামীকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন চিন্তামণি। জানানো হয়, দুখু আহেরি নিখোঁজ। শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণের মধ্যেই মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র ১০০ মিটার দূরে নির্মীয়মান ভবনের কাছে পড়ে থাকতে দেখা যায় তাঁর দেহ। পরিবারের প্রশ্ন—চিকিৎসাধীন রোগী কীভাবে ওয়ার্ড থেকে নিখোঁজ হলেন? নিরাপত্তা কোথায় ছিল? তাঁরা স্পষ্ট অভিযোগ এনেছেন, এই মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী।

এ বিষয়ে সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার পর হাসপাতাল চত্বরে পৌঁছন তৃণমূল নেতা তথা রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ইংলিশবাজার থানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.