জেলা

নিজেরাই গড়ে তুললেন রাস্তা! প্রশাসনের অবহেলায় ঢাকুরিয়ায় নজির গড়লেন গ্রামবাসীরা

উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ঢাকুরিয়া এলাকায় দীর্ঘ ১১ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ১০০ মিটার রাস্তা অবশেষে সংস্কার করলেন গ্রামের মানুষই। বারবার পঞ্চায়েত, বিডিও এবং জেলা পরিষদকে জানিয়েও যখন কোনও লাভ হয়নি, তখন হাল ধরলেন এলাকাবাসীরাই।

ঢাকুরিয়া সানাপাড়া থেকে গার্লস হাই স্কুল পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তায় মাত্র ১০০ মিটার অংশ বছরের পর বছর সংস্কারবিহীন অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই কাদায় সারা রাস্তা ঢেকে যেত। দুর্ভোগে পড়তেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ পথচারীরা। অথচ আশপাশের অন্যান্য রাস্তাগুলোর সংস্কার হয়েছে বহুবার।

এই পরিস্থিতিতে বাধ্য হয়ে নিজেদের পয়সায় চাঁদা তুলে রাস্তা তৈরি করেন স্থানীয়রা। মাটি, ইট এনে রীতিমতো জেসিবি মেশিন দিয়ে রাস্তা সংস্কারের কাজ করেন তারা। এই উদ্‌যোগে উপকৃত হয়েছে একাধিক গ্রামের মানুষ।

স্থানীয় সিপিএম নেতা শান্তনু রায় জানান, পঞ্চায়েতকে বহুবার জানানো হয়েছিল। এমনকি ২০২৩-২৪ সালের অ্যাকশন প্ল্যানেও রাস্তার কথা উল্লেখ ছিল, তবু কাজ শুরু হয়নি।

গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার জানান, রাস্তার ওই অংশে আইনি জটিলতা থাকায় তা সংস্কার সম্ভব হয়নি, যদিও পুরো রাস্তায় একাধিকবার কাজ হয়েছে।

তবে গ্রামবাসীদের ঐক্য, উদ্যোগ এবং দৃঢ় মনোভাব প্রশাসনের গাফিলতির সামনে এক অন্য উদাহরণ তৈরি করল — যেখানে মানুষ নিজেই হয়ে উঠল সমস্যার সমাধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.