রাজনীতিরাজ্য

“তৃণমূলের জামা খুলে নিলে কুকুর কামড়াবে” – কাউন্সিলরদের কড়া হুঁশিয়ারি মদনের

কামারহাটির কর্মিসভায় উত্তাল পরিস্থিতি! কাউন্সিলরদের ‘স্পর্ধা’ দেখে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না কামারহাটির বিধায়ক মদন মিত্র। নজরুল মঞ্চে ভরা সভায় মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দিয়ে কাউন্সিলরদের কটাক্ষ করেন তিনি। বলেন, “কী ভাবছেন নিজেদের? হরিদাস পাল? যদি এখনই তৃণমূলের জামাটা খুলে নেওয়া হয়, কাউন্সিলর পদ সরিয়ে দেওয়া হয়, তাহলে পাড়ার কুকুরও পায়ে কামড়াবে।”

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন একে একে কাউন্সিলররা সভা ছেড়ে বেরিয়ে যাওয়াতেই চটে যান মদন। অভিযোগ করেন, পরপর পাঁচটি সভায় অনুপস্থিত থেকেছেন বহু কাউন্সিলর। কর্মিসভার মাঝেই স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, “বাঁচানোর জন্য কোনও বাবা এসে পাশে দাঁড়াবে না।”

সবচেয়ে বিস্ফোরক মন্তব্য মদনের মুখে শোনা গেল যখন তিনি বলেন, “এখানে উপস্থিত ৪০ শতাংশ কর্মী তৃণমূলের দেওয়া চাকরি করেন।” এই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠছে, চাকরি দুর্নীতির ইঙ্গিতই কি দিলেন মদন মিত্র? বিজেপি সেই সুযোগ হাতছাড়া করেনি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তীব্র কটাক্ষ করে বলেন, “তৃণমূল মানেই চাকরি বিক্রির সরকার। এবার নিজেদের লোকই তা প্রকাশ্যে স্বীকার করছেন।”

নিজের মন্তব্য ঘিরে বিতর্ক যে তৈরি হবে, তা যেন আগেই আঁচ করেছিলেন কামারহাটির বিধায়ক। বলেন, “আমার বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়তেই পারে, তবে ওয়ার্ড অফিসে উপস্থিতির হিসেবও দেখা হোক।”

রাজনীতির ময়দানে এই মন্তব্য যে নতুন বিতর্কের জন্ম দিল, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই হুঁশিয়ারিতে সত্যিই কি টনক নড়ে দলের অভ্যন্তরে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.