স্বয়ং আইপিএস অফিসারই বসে দুর্নীতির পাহাড়ে ! পঞ্জাবের রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে দুর্নীতি করার অভিযোগে গ্রেফতার করল সিবিআই । তার বিরুদ্ধে অভিযোগ , ঘুষ হিসেবে ৮ লক্ষ টাকা চেয়েছিলেন তিনি । সেখান থেকেই দুর্নীতি মামলার তদন্ত শুরু হয় । কিন্তু আইপিএস অফিসারের বাড়িতে হানা দিতেই চক্ষু চড়কগাছ । অভিযুক্ত আইপিএস অফিসারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে , নগদ ৫ কোটি টাকা , বিপুর পরিমাণ সোনার গয়না, লাক্সারি গাড়ি থেকে শুরু করে , আরও অনেক মূল্যবান সামগ্রী ।
অভিযুক্ত আইপিএস অফিসার , হরচরণ সিং ভুল্লার ছিলেন ২০০৯ ব্যাচের । তিনি এক ব্যবসায়ীর বিরুদ্ধে চলা ক্রিমিনাল কেস ধামাচাপা দিতেই ঘুষ চান ৮ লক্ষ টাকা। আর তারপরেই সিবিআই এর হাতে গ্রেফতার হন ডিআইজি পোস্টে কর্মরত এই আইপিএস অফিসার । উল্লেখ্য , কৃষ্ণা নামক একজনকেও গ্রেফতার করা হয়েছে , যিনি মিডিলম্যানের কাজ করতেন । অভিযোগ , ওই ব্যবসায়ীকে আইপিএস অফিসার হুমকি দেন , প্রথমে ৮ লক্ষ টাকা ঘুষ দিতে হবে , এবং পরে মাসে মাসে কিস্তিতে আরও টাকা দিতে হবে , নাহলে ওই ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবেন তিনি ।
উল্লেখ্য , হরচরণ সিং ভুল্লার মোহালি, রোপার ও চণ্ডীগঢ়ের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নগদ ৫ কোটি টাকা। এছাড়াও দেড় কেজি সোনার গয়না, মার্সিডিজ – অডি গাড়ি, ২২টি দামি ঘড়ি, ৪০ লিটার বিদেশি মদ, শটগান, পিস্তল, রিভলভার, এয়ারগান অস্ত্র বাজেয়াপ্ত করেছে সিবিআই । সিবিআই এর তরফে এখনও তল্লাশি চলছে। পাশাপাশি , ধৃত মিডলম্যান কৃষ্ণার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ২১ লক্ষ টাকা ।







