খেলাধুলা

ক্রিকেটকে বিদায় পীযূষ চাওলার, দুই বিশ্বকাপজয়ী প্রাক্তন নাইট এবার নতুন পথে

দুই দশকের দীর্ঘ ক্রিকেট সফরের ইতি টানলেন পীযূষ চাওলা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহু আগেই ছিটকে গেলেও ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে নিজেকে বারবার প্রমাণ করেছেন এই লেগস্পিনার। ১৩ বছর আগে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলার পর শুক্রবার সমাজমাধ্যমে এক আবেগঘন বার্তায় চাওলা ঘোষণা করলেন সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তিনি। তার চোখে, এই খেলা শুধু কেরিয়ার নয়, ছিল এক জীবনশক্তির উৎস।

২০০৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করা চাওলা নিজের প্রতিভার জানান দেন ২০০৫-০৬ চ্যালেঞ্জার ট্রফিতেই, যেখানে সচিন তেন্ডুলকরকে এক দুর্দান্ত গুগলিতে বোল্ড করে সকলের নজর কাড়েন। এরপর দেশের হয়ে ৩টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১-র ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য হওয়াটাই তাঁর কেরিয়ারের শ্রেষ্ঠ প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি।

আইপিএলে তাঁর পারফরম্যান্স আলাদা করে বলার মতো। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৪-তে শিরোপা জয় হোক কিংবা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিজ্ঞতার ছাপ রাখাই হোক—সব দলের হয়েই নিজেকে উজাড় করে দিয়েছেন। আইপিএলের ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।

ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ থেকে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেট পর্যন্ত ১০০০-এর বেশি উইকেটের মালিক চাওলা। তাঁর কেরিয়ার নতুন প্রজন্মের স্পিনারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিদায়বেলায় কোচ, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চাওলা লিখেছেন, “ক্রিজ ছেড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু ক্রিকেট সবসময় আমার হৃদয়ে জীবন্ত থাকবে।” তাঁর এই অনুভবেই ফুটে ওঠে এক প্রকৃত ক্রিকেটারের হৃদয়ের টান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.