জেলা

অস্ত্র-সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতি ‘কানাই’, এয়ারপোর্ট থানার তৎপরতায় রুখে দেওয়া হল বড়সড় অপরাধের ছক!

অপরাধমূলক কার্যকলাপের ছক কষছিল উত্তর ২৪ পরগনার হাবড়ার কুখ্যাত দুষ্কৃতি সুদীপ্ত দে ওরফে ‘কানাই’। একাধিক থানায় যার বিরুদ্ধে অভিযোগ, যার নামেই রীতিমতো আতঙ্ক তৈরি হয় এলাকার সাধারণ মানুষের মনে—সেই কানাইকেই বৃহস্পতিবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ হানা দেয় গঙ্গানগর এলাকায়। সেখান থেকেই গ্রেফতার করা হয় কানাইকে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ওই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল সে। উদ্দেশ্য ছিল বড়সড় অপরাধমূলক কার্যকলাপ ঘটানো। তার আগেই তৎপরতা দেখিয়ে তাকে পাকড়াও করে পুলিশ।

জানা গেছে, কানাইয়ের বিরুদ্ধে একাধিক থানায় রয়েছে দফায় দফায় অভিযোগ। এয়ারপোর্ট থানাতেও রয়েছে বেশ কয়েকটি মামলা। শুক্রবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেফাজতের আবেদন জানিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে। কানাইয়ের সঙ্গে আর কেউ এই চক্রে জড়িত কিনা, কোনও বড়সড় অপরাধের ছক ছিল কিনা—সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

এয়ারপোর্ট থানার এই তৎপরতা আরও একবার প্রমাণ করল, শহরের নিরাপত্তা রক্ষায় কোনওভাবেই ছাড় দিতে নারাজ পুলিশ প্রশাসন। এলাকাবাসীও পুলিশি তৎপরতায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.