জেলাদেশ

৫০ বছর আগের ঝগড়ার প্রতিশোধ! প্রাক্তন সহপাঠীর উপর হামলায় ধৃত দুই বন্ধু

কেরলের কাসরগোড় জেলায় ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ৫০ বছর আগে স্কুল জীবনের এক ঝগড়ার প্রতিশোধ তুলতে গিয়ে এক ৬২ বছরের বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল তাঁরই প্রাক্তন সহপাঠীর বিরুদ্ধে। ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বালকৃষ্ণন এবং ম্যাথু বলিয়াপলাক্কাল। অভিযোগ, তাঁরা মিলে ভিজে বাবু নামে এক ব্যক্তির উপর হামলা চালিয়েছেন। আহত বাবু বর্তমানে কান্নুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বালকৃষ্ণন ও বাবু একসময় একই স্কুলে পড়াশোনা করতেন এবং বচসার সময় দুজনেই ছিলেন চতুর্থ শ্রেণির সহপাঠী। সম্প্রতি বন্ধুরা একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে দীর্ঘদিন পর বাবু ও বালকৃষ্ণনের দেখা হয়। সেখানেই পুরনো এক ঝগড়ার প্রসঙ্গ তুলে ফের বচসা শুরু হয়। যদিও উপস্থিত অন্য বন্ধুরা পরিস্থিতি সামাল দিয়ে ঝগড়া মিটিয়ে দেন। কিন্তু বালকৃষ্ণনের মনে জমে থাকা ক্ষোভ তখনও অবশিষ্ট ছিল। অভিযোগ, গত ২ জুন তিনি ম্যাথুকে সঙ্গে নিয়ে বাবুর উপর হামলা চালান। তারা বাবুকে প্রশ্ন করেন কেন চতুর্থ শ্রেণিতে বালকৃষ্ণনকে মেরেছিলেন। উত্তরের অপেক্ষা না করেই বাবুর উপর চড়াও হন দুজনে।

পুলিশ জানিয়েছে, বালকৃষ্ণন বাবুর কলার চেপে ধরেন, আর ম্যাথু একটি পাথর দিয়ে তাঁর মুখ ও পিঠে আঘাত করেন। ঘটনার তদন্ত করছে কাসরগোড় পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ৫০ বছর আগের স্কুলের ঝগড়া যে এমন ভয়ঙ্কর পরিণতি নেবে, তা ভাবতে পারেননি কেউই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.