খেলাধুলা

বিশ্বকাপের আগে ফিফার বড় সিদ্ধান্ত, স্টেডিয়ামে জলের বোতল নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগেই স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, ২০২৬ বিশ্বকাপ চলাকালীন কোনও ধরনের জলের বোতল নিয়ে দর্শকরা স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারবেন না। মাঠের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানা গিয়েছে, ফিফার ‘স্টেডিয়াম কোড অব কন্ডাক্ট’-এ আগে উল্লেখ ছিল যে ১ লিটার পর্যন্ত পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল দর্শকরা সঙ্গে আনতে পারবেন। কিন্তু সম্প্রতি সেই নিয়ম বাতিল করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ২ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফিফা স্পষ্ট জানিয়েছে, কোনও ধরনের বোতল নিয়েই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি থাকবে না। সংস্থার মতে, বোতল ছুঁড়ে মারা হলে খেলোয়াড় বা অন্য কারও আহত হওয়ার আশঙ্কা থাকে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে পুনর্ব্যবহারযোগ্য বোতলের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় সমর্থকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ, এর ফলে স্টেডিয়ামের ভেতরে থাকা ওয়াটার ফাউন্টেন থেকে জল ভরে নেওয়ার সুযোগ আর থাকবে না। গত বিশ্বকাপে ফিফা ভেন্যুগুলিতে পানীয় জলের বোতলের দাম ছিল প্রায় ৪ থেকে ৬ মার্কিন ডলার। যদিও ২০২৬ বিশ্বকাপের জন্য এখনও জলের নির্দিষ্ট মূল্য ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে, ফিফার দীর্ঘদিনের সহযোগী কোকা-কোলার জলের ব্র্যান্ড ‘দাসানি’ এবারও স্টেডিয়ামে বিক্রি করা হবে।

এদিকে এবারের বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। ফলে অংশগ্রহণকারী ফুটবলার ও দর্শকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে গ্রীষ্মকালীন তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এমন পরিস্থিতিতে পানীয় জলের সহজলভ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা জানিয়েছে, প্রত্যেক স্টেডিয়ামে বিকল্প ব্যবস্থা রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.