বিনোদন

রাম চরণের প্রযোজিত ছবির সেটে ভয়াবহ দুর্ঘটনা, জলে ভেসে গেলেন একাধিক টিম মেম্বার

হায়দরাবাদের শমশাবাদ অঞ্চলে একটি স্টুডিয়োর ভেতরে রাম চরণের প্রযোজনায় নির্মীয়মাণ একটি ছবির শুটিং চলাকালীন ঘটে মারাত্মক দুর্ঘটনা। ‘দ্য ইন্ডিয়া হাউস’ নামক এই ছবির একটি অ্যাকশন দৃশ্যের জন্য বানানো বিশাল জলাধারের ট্যাঙ্ক হঠাৎই ফেটে যায়। ফলে সৃষ্টি হয় প্রবল জলস্রোত, যা তছনছ করে দেয় গোটা সেট। ট্যাঙ্ক থেকে হঠাৎ ছুটে আসা জলের তোড়ে ভেসে যান একাধিক টেকনিশিয়ান, সহকারী চিত্রগ্রাহক এবং সহকারী পরিচালক। অনেকেই গুরুতরভাবে আহত হন।

অবিলম্বে তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁদের চিকিৎসা চলছে। জলস্রোতের তীব্রতায় অনেক দামি শুটিং সরঞ্জাম, ক্যামেরা ও আলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে সাময়িকভাবে শুটিং বন্ধ রাখা হয়েছে। কীভাবে ট্যাঙ্কটি ভেঙে পড়ল, তা নিয়ে চলছে অভ্যন্তরীণ তদন্ত। ঘটনাস্থলে সুরক্ষা বিধি যথাযথভাবে মেনে চলা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

‘দ্য ইন্ডিয়া হাউস’ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তেলুগু অভিনেতা নিখিল সিদ্ধার্থ এবং বলিউড অভিনেত্রী সাই মাঞ্জরেকর। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনুপম খেরও। পরিচালনায় রয়েছেন রাম বংশীকৃষ্ণ। ছবিটি প্রযোজনা করছে রাম চরণের প্রোডাকশন হাউস, সহ-প্রযোজক হিসেবে রয়েছেন বিক্রম রেড্ডি ও অভিষেক আগরওয়াল। এই মর্মান্তিক ঘটনার পরে প্রযোজনা সংস্থার তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে পড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.