প্রতিবছর বর্ষা এলেই রাজ্যের বিভিন্ন এলাকা রীতিমতো জলের তলায় চলে যায়। যার জন্য রুজি রুটি বন্ধ হয়ে যায় বহু নিম্ন মধ্যবিত্ত মানুষের। যার প্রধান কারণ নদী ভাঙন। তার জন্য বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনের পরেও কোন সাহায্য মেলেনি বলে অভিযোগ রাজ্যের। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণে কাজ শুরু হতে চলেছে।
বহুবার রাজ্য সরকারের তরফ থেকে অভিযোগ আনা হয়েছে সবকিছুর সুযোগ সুবিধা থেকেই পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের একাধিক জায়গায় নদী ভাঙন আটকাতে বারংবার রাজ্য সরকারের তরফ থেকে চিঠি পাঠানো হয় কেন্দ্রকে। তবে তার পরেও কোন সাহায্য পাওয়া যায়নি। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাজেটে একাধিক প্রতিবেশী রাজ্যকে অর্থ বরাদ্দ থাকলেও, বঞ্চিত হয়েছে বাংলা বলে অভিযোগ রাজ্যের। গঙ্গা-পদ্মা সংলগ্ন মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারপর হল রাজ্য সরকার। যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করলেন প্রায় ৬১০ কোটি টাকা।
পাশাপাশি এই প্রকল্পের কাজের জন্য সংযুক্ত হতে চলেছে প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড। তার জন্য ইতিমধ্যেই তৎপর হয়েছে সেচ ও জলপথ দফতর। এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া ও মুখ্য সচিব প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে প্রথম পর্যায়ে আলোচনা সম্পন্ন করেছে। সেই আলোচনার পরে জলসম্পদ অনুসন্ধান ও বিকাশ সংক্রান্ত স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদনেই স্পষ্ট জানানো হয়েছে যে এই দুই রাজ্য রাজি হলেই দ্রুত বন্যা নিয়ন্ত্রণের কাজ শুরু হবে। যার ফলে অনেকটাই স্বস্তি পাবে বহু নিম্ন মধ্যবিত্ত মানুষ। এরপরই রাজ্য স্পষ্ট দাবি করে, কেন্দ্র পাশে না দাঁড়ালেও, যেকোনো রকম কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে একটুও দেরি করবে না রাজ্য সরকার।
এ প্রসঙ্গে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, “সুন্দরবনের 39টি দ্বীপের বাসিন্দাদের নোনা জল ও নদী ভাঙনের সমস্যা থেকে রক্ষা করতে রাজ্য একটি ৪১০০ কোটি টাকার প্রকল্প তৈরি করেছে, যার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। কেন্দ্রের কাছে কেবল অনুমোদনের জন্যই ফাইল পাঠানো হয়েছে । কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও এখনও কোনও সাড়া মেলেনি।”







