উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার কারুলা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক ২৩ বছরের তরুণী মা নিজের ১৫ দিনের নবজাতক শিশুকে ফ্রিজারের ভিতরে রেখে ঘুমোতে চলে যান। ঘটনাটি ঘটে শুক্রবার। শিশুটির প্রাণ রক্ষা পায় বরাতজোরে—হঠাৎ কান্নার আওয়াজ শুনে তার ঠাকুমা ফ্রিজ খুলে নবজাতককে উদ্ধার করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী প্রসব-পরবর্তী মানসিক সমস্যায় (Postpartum Psychosis) ভুগছিলেন। এই বিরল কিন্তু গুরুতর রোগে আক্রান্ত হলে মায়েরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। এর ফলে কখনও কখনও চরম অস্বাভাবিক আচরণ প্রকাশ পায়। চিকিৎসকদের মতে, এই অবস্থায় মা নিজের সন্তানের ক্ষতি করার প্রবণতাও দেখাতে পারেন।
ঘটনার দিন, দুপুরে নবজাতক কান্নাকাটি শুরু করলে মা তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কোনওভাবেই শিশুটি থামছিল না। এরপরই তিনি শিশুকে নিয়ে রান্নাঘরে যান এবং ফ্রিজের ভিতরে রেখে দেন। পরে শিশুটির কান্না শুনে ঠাকুমা দরজা খুলে দেন ও শিশুকে উদ্ধার করেন। বর্তমানে নবজাতক সুস্থ আছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, শিশুটির মা এখন চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা শিশুর প্রাণে বাঁচায় স্বস্তি পেয়েছেন এবং তরুণীর পূর্ণ সুস্থতার জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
এই ঘটনায় মোরাদাবাদ জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একটি মাত্র অসতর্ক মুহূর্ত কী ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।







