মহারাষ্ট্রের ৯৪.৫ কিলোমিটার দীর্ঘ মুম্বই–পুনে এক্সপ্রেসওয়ে বুধবার গভীর রাত পর্যন্ত কার্যত অচল হয়ে পড়ে। আদোশি টানেলের কাছে প্রোপিলিন গ্যাসভর্তি একটি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর নজিরবিহীন যানজটের সৃষ্টি হয়। প্রায় ৩০ ঘণ্টা ধরে এক্সপ্রেসওয়ের দুই দিকেই আটকে পড়েন হাজার হাজার যাত্রী।
জল, খাবার এমনকি শৌচাগারের সুবিধা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভিতরে কাটাতে বাধ্য হন যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শিশু, প্রবীণ এবং অসুস্থ যাত্রীরা।
জানা গিয়েছে, কোচি থেকে সুরাত যাচ্ছিল ট্যাঙ্কারটি। মঙ্গলবার বিকেল প্রায় ৫টা নাগাদ মুম্বইমুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। ট্যাঙ্কারটিতে প্রায় ২১ টন উচ্চমাত্রায় দাহ্য প্রোপিলিন গ্যাস ছিল। দুর্ঘটনার পর গ্যাস লিক শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্পূর্ণ মুম্বইমুখী লেন বন্ধ করে দেয়।
গ্যাসের চাপ অত্যন্ত বেশি থাকায় এবং ভালভ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে বড় বাধা তৈরি হয়। দমকল বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং ভারত পেট্রোলিয়ামের বিশেষ রাসায়নিক দল ঘটনাস্থলে পৌঁছালেও প্রায় ২১ ঘণ্টা ধরে গ্যাসের চাপ ৮ psig থেকে কমে ২ psig-এ নামার অপেক্ষা করতে হয়। আগুন লাগার ঝুঁকি এড়াতে দমকল বাহিনী টানা জল ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের চারপাশে ৫০০ মিটার এলাকা ‘নো ম্যানস ল্যান্ড’ ঘোষণা করা হয়।
বুধবার গভীর রাতে অন্য একটি ট্যাঙ্কারে গ্যাস স্থানান্তর সম্ভব হলে উল্টে থাকা ট্যাঙ্কারটি সরানো হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এই ঘটনায় এক্সপ্রেসওয়ের দুই দিকেই দীর্ঘ যানজট দেখা যায়। পুনেমুখী যানবাহন খালাপুর টোল প্লাজা পর্যন্ত আটকে থাকে, অন্যদিকে মুম্বইমুখী লেনে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার লম্বা সারি তৈরি হয়।
যাত্রীদের দুর্ভোগের একাধিক ছবি সামনে এসেছে। কেউ জল বাঁচিয়ে খেতে বাধ্য হয়েছেন, কেউ ঘণ্টার পর ঘণ্টা গাড়ি থেকে নামতেই পারেননি। ডায়াপার শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন শিশুদের অভিভাবকরা, আবার প্রবীণ যাত্রীরা দীর্ঘক্ষণ বসে থাকার ফলে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।
নাসিক থেকে মুম্বই যাচ্ছিলেন এক প্রবীণ দম্পতি। শেষ পর্যন্ত তাঁদের তামহিনি ঘাট ঘুরে গন্তব্যে পৌঁছতে হয়। পুনের এক ব্যবসায়ী আট ঘণ্টা যানজটে আটকে থাকার পর হেলিকপ্টারে করে যাত্রা শেষ করেন। সোশাল মিডিয়ায় তিনি জরুরি পরিস্থিতিতে বিকল্প এক্সিট পরিকল্পনার অভাব নিয়ে প্রশ্ন তোলেন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলার জন্য সুপারিশ-সহ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MSRDC)-কে।
খোপোলি থানায় দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, অতিরিক্ত গতিতে এবং রাস্তার পরিস্থিতি বিবেচনা না করেই ট্যাঙ্কার চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে। চালক রতন সিং আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
যাত্রীদের জন্য তামহিনি ঘাট, কারজাত, মালশেজ ঘাট ও আলে ফাটার মতো বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ দেওয়া হলেও সেখানেও অতিরিক্ত চাপ তৈরি হয়।







