লর্ডসের ঐতিহাসিক মাঠ যেন রূপ নিয়েছে বোলারদের স্বর্গে। দু’দিনেই পড়ে গিয়েছে ২৮ উইকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের এমন টানটান পরিস্থিতিতে এখনই কোনও দলকে এগিয়ে বলা যাচ্ছে না। তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার লেজের দৃঢ়তায় কিছুটা সুবিধাজনক জায়গায় পৌঁছেছে প্যাট কামিন্সের দল। দক্ষিণ আফ্রিকা ৭৪ রানের লিড পেলেও সেটাকে কাজে লাগাতে পারেনি।
অস্ট্রেলিয়ার টপ অর্ডার একের পর এক ভেঙে পড়লেও ক্যারে ও স্টার্কের অষ্টম উইকেটের ৬১ রানের পার্টনারশিপ ম্যাচে মোড় ঘুরিয়ে দেয়। ৭৩ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পরও এই জুটি দলের লিড ২০০-র উপরে নিয়ে যায়। শেষ ওভারে স্টার্কের ক্যাচ ছেড়ে দেন জানসেন, যা প্রোটিয়াদের ক্ষতির কারণ হতে পারে। দ্বিতীয় দিনের শেষে অসিরা ৮ উইকেটে ১৪৪ রানে দাঁড়িয়ে, এগিয়ে ২১৮ রানে।
সকালে ৪৩/৪ থেকে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। বাভুমা ও বেডিংহ্যাম প্রথমে লড়াই দেন। ৬৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন তাঁরা। তবে মধ্যাহ্নভোজের পর বৃষ্টি থামতেই কামিন্স আঘাত হানেন। একাই চার উইকেট তুলে নেন বিরতির পর। ইনিংসে ৬ উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক।
যদিও এখনও ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়নি। তৃতীয় দিনের শুরুতেই যদি দক্ষিণ আফ্রিকা বাকি উইকেট তুলে নেয়, তাহলেই ম্যাচে ফিরতে পারে তারা। কিন্তু লর্ডসের এই চঞ্চল পিচে শেষ হাসি কার, তা হয়তো শুক্রবারই জানা যাবে।







