হুমকি ছিল রবিবারের মধ্যে হামলার। কিন্তু তার আগেই তেহরানে আগুন ঝরাল ইজরায়েলি এয়ার ফোর্স। শুক্রবার ভোর রাতে কেঁপে উঠল ইরানের রাজধানী। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে তেহরানের মানুষের। আকাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। দ্রুত জারি করা হয় ইমার্জেন্সি। উত্তেজনার পারদ চড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। বড় যুদ্ধের আশঙ্কা জোরদার হচ্ছে প্রতিটি মুহূর্তে।
সূত্র মারফত খবর, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে ও ইউরেনিয়াম সংরক্ষণের অন্যতম কেন্দ্র নাতানজে সুনির্দিষ্ট এয়ারস্ট্রাইক চালায় ইজরায়েলি জেট। লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র ও মিসাইল উৎপাদন কারখানা। এই অভিযান স্বীকার করে নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই। টেলিভিশন বার্তায় তিনি ঘোষণা করেন, “আমরা ইরানের পরমাণু অস্ত্র প্রোগ্রামের কেন্দ্রবিন্দুতেই আঘাত করেছি।”
নেতানিয়াহুর দাবি, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছিল। ইজরায়েলের অস্তিত্ব রক্ষায় এমন পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ইজরায়েলের যুদ্ধ ইরানের সাধারণ মানুষের সঙ্গে নয়—লড়াই চলছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।
এই হামলা শুধু একবারের অভিযানে থামবে না, এমনই হুঁশিয়ারি ইজরায়েলের। প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ় জানিয়ে দিয়েছেন, ইরান পাল্টা ড্রোন ও মিসাইল হামলা চালাতে পারে, তার জন্য পুরোপুরি প্রস্তুত ইজরায়েলি বাহিনী।
দু’দেশের টানটান অবস্থানে গোটা দুনিয়ায় বাড়ছে উদ্বেগ। মধ্যপ্রাচ্য যেন এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি!







