দিনভর একের পর এক দুঃসংবাদের মাঝে, বৃহস্পতিবার রাতে আরও একটি মর্মান্তিক খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে প্রয়াত হলেন শিল্পপতি সঞ্জয় কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। সূত্রের খবর অনুযায়ী, একটি প্রাইভেট পোলো ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষমেশ তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
সঞ্জয় কাপুর ছিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। ২০০৩ সালে তাঁদের বিবাহ হলেও, ২০১৪ সালে বিচ্ছেদ ঘটে। এই দম্পতির দুটি সন্তান রয়েছে, সামাইরা এবং কিয়ান। বিচ্ছেদের পর সঞ্জয় কাপুর প্রিয়া সাচদেবকে বিয়ে করেন এবং তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে (আজারিয়াস কাপুর)। যদিও দীর্ঘদিন ধরেই করিশ্মার সঙ্গে সঞ্জয়ের কোনও সম্পর্ক ছিল না, তবে সন্তানদের বাবা হিসেবে শোকের ছায়া নেমে এসেছে করিশ্মার পরিবারেও।
সঞ্জয় কাপুরের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান বিশিষ্ট সমাজ বিশ্লেষক ও লেখক সুহেল শেঠ। তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্টও এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়, যেখানে তিনি আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রতি শোকপ্রকাশ করেছিলেন। কে জানত, সেটাই হবে তাঁর জীবনের শেষ বার্তা। পরপর দুর্ঘটনা ও মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। সঞ্জয়ের অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে শুরু করে পরিচিতমহল।







