মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় পুলিশের তৎপরতায় ফের চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে ফরাক্কা ব্যারাজের মুখে নাকা চেকিং পয়েন্টে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক, যার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র।
ধৃত যুবকের নাম বাশির সেখ, বয়স ২২, বাড়ি ফরাক্কার ভবানীপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার দিক থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ফরাক্কার দিকে আসছিল বাশির। গোপন সূত্রে খবর পেয়ে, ব্যারাজ সংলগ্ন চেকপোস্টে রাতেই তল্লাশি অভিযান চালানো হয়। সন্দেহভাজন মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয় এবং সেখানেই ধরা পড়ে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র।
এই ঘটনার পরই পুলিশ তাকে আটক করে ফরাক্কা থানায় নিয়ে আসে। শুক্রবার ধৃতকে জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। তদন্তে আরও কোনো ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে ফরাক্কা থানার পুলিশ।
ফরাক্কা থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনা বেড়েছে। সেই প্রেক্ষিতেই পুলিশের এই তৎপরতা। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এবং কী উদ্দেশ্যে এই অস্ত্র আনা হচ্ছিল, সেই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য।
পুলিশের দাবি, ধৃতকে জেরা করে আগ্নেয়াস্ত্র পাচারচক্রের বড় কোনও সূত্র মিলতে পারে। তদন্তে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য।







