বিনোদন

চোখের আলো হারিয়ে অ্যাকশন হিরো: কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের অভিজ্ঞতা ভাগ করে নিলেন রাণা দগ্গুবতী

‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী সুপারস্টার রাণা দগ্গুবতী বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘রাণা নাইডু’-এর দ্বিতীয় সিজনের প্রচারে। ১৩ জুন মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই সিরিজ। শো-এর প্রচারে এসে এক সাক্ষাৎকারে রাণা তুলে ধরলেন তাঁর জীবনের এক অসাধারণ অধ্যায়, চোখের কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের অভিজ্ঞতা। সাক্ষাৎকারে রাণা জানান, কর্নিয়া প্রতিস্থাপনের ফলে তাঁর এক চোখে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি নেই। এই কারণেই অ্যাকশন দৃশ্যের শুটিং তাঁর জন্য একেবারেই সহজ কাজ নয়। তিনি বলেন,”অ্যাকশন দৃশ্যের সময় যদি লেন্স না পরি, তাহলে দৃষ্টিসীমা একেবারে ঝাপসা হয়ে যায়। ধুলোয় চারপাশ ঢেকে যায়, আমি কিছুই দেখতে পাই না, সব ওলটপালট হয়ে যায়।”

চোখের এই সমস্যার জন্য অনেকেই রাণাকে নিয়ে মজা করেন। তবে অভিনেতা তা হাসিমুখে গ্রহণ করেন। মজা করে বলেন,”আমি প্রায় টার্মিনেটর! একটা চোখ, একটা কিডনি, আর আরও কিছু ট্রান্সপ্ল্যান্ট করা অংশ নিয়ে দিব্যি বেঁচে আছি। সিনেমার টার্মিনেটর দেখেছেন তো? আমিও তেমনই!” রাণা আরও জানান, তাঁর ডান চোখ আংশিকভাবে অন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করানো বাধ্যতামূলক হয়ে পড়ে। বাঁ চোখের কর্নিয়া তাঁকে দেওয়া হয় এক মৃত দাতার চোখ থেকে।

নিজের শারীরিক লড়াই নিয়ে বরাবরই খোলাখুলি কথা বলেন তিনি, এবং এই অভিজ্ঞতা অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে উঠেছে। ‘রাণা নাইডু সিজন ২’-এ রাণার পাশাপাশি থাকছেন ভেঙ্কটেশ দগ্গুবতী, অর্জুন রামপাল, সুরভীন চাওলা, কৃতি খারবন্দা, সুশান্ত সিং, অভিষেক ব্যানার্জি এবং ডিনো মোরিয়ার মতো জনপ্রিয় অভিনেতারা। অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই সিজন দেখার অপেক্ষায় দর্শকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.