মাদক পাচারের ক্ষেত্রে মহিলাদের ব্যবহার করার চক্র যে সক্রিয় হয়ে উঠেছে এদিনের গ্রেফতারের ঘটনায় তা সিআইডি এবং পুলিশ কর্তাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার ৩৪ জাতীয় সড়কের শিলিগুড়িগামী বাস থেকে ওই তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে ইংরেজ বাজার থানার পুলিশ ও সিআইডি কর্তারা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্যাকেট বন্দী ৭৫০ গ্রাম ব্রাউন সুগার । যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। মালদার কালিয়াচক থেকে ওই ব্রাউন সুগারগুলি শিলিগুড়ির উদ্দেশ্যে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত তিন মাদক কারবারী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সিআইডির কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সাবিনা খাতুন (৩২), শামীমা বিবি (৩০) এবং জিয়াউল হক (৪০)। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার বামনগ্রামে। ধৃত জিয়াউলের স্ত্রী হচ্ছে শামীমা। এই দম্পতি মাদক কারবারের মূল পান্ডা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। আর এই পাচার চক্রে গ্রামেরই এক মহিলা সাবিনা খাতুনকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বহরমপুর থেকে শিলিগুড়িগামী একটি বাসেই সুজাপুর স্ট্যান্ড থেকে ওই তিনজন ওঠে । ডালখোলার উদ্দেশ্যে তারা বাসের টিকিট কাটে। এই তিন মাদক কারবারির সম্পর্কে গোপন সূত্রে খবর পায় মালদা সিআইডি’র কর্তারা। এরপরই ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতা নিয়ে গভীর রাতে মালদা শহরের রথবাড়ি এলাকার জাতীয় সড়কে ওই বাসটিকে দাঁড় করানো হয়। শুরু হয় তল্লাশি অভিযান। সেখান থেকে দুই মহিলা সহ মোট তিনজনকেই ব্রাউন সুগার সমেত গ্রেফতার করা হয়।







