উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র যেন রীতিমতো রণক্ষেত্র! বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতেই ঘটে গেল ভয়াবহ হামলার ঘটনা। জমি সংক্রান্ত বিবাদে দলেরই দুই কর্মীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে গুরুতর জখম হলেন বিজেপির বুথ সভাপতি রামপ্রসাদ সিকদার।
সূত্র অনুযায়ী, গোপালনগরের পাল্লা এলাকার বাসিন্দা রামপ্রসাদ সিকদার বহুদিন ধরে বিজেপি কর্মী পলাশ ঢালীর জমিতে ভাগে চাষ করতেন। কিন্তু জমির টাকা ঘিরে সম্প্রতি তীব্র বিবাদ বাঁধে তাঁদের মধ্যে। সমস্যার সমাধানে রামপ্রসাদ বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে হাজির হন। অভিযোগ, সেখানেই আচমকা হাজির পলাশ ঢালী। হাতে থাকা ধারালো দা দিয়ে রামপ্রসাদের মাথায় কোপ মারে সে।
সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় রামপ্রসাদকে ভর্তি করা হয় পাল্লা গ্রামীণ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ তদন্তে নেমেছে। অভিযুক্ত পলাশ ঢালী পলাতক, তার খোঁজে চলছে তল্লাশি। বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, “আমি ঘটনার সময় বাড়িতে ছিলাম না। বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। কঠোর ব্যবস্থা চাই।”
এই রক্তাক্ত ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, রাজনৈতিক দলের অন্দরেই ব্যক্তিগত শত্রুতা কীভাবে ভয়ঙ্কর হিংসায় পরিণত হচ্ছে। দুই পক্ষই বিজেপি কর্মী হওয়ায়, রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দলীয় শৃঙ্খলা নিয়েও উঠছে বড় প্রশ্ন।







