একুশে জুলাইয়ের আগে বড় ধাক্কা খেল রাজ্যের প্রধান বিরোধী দল। সন্দেশখালিতে বিজেপি শিবিরে দেখা দিল চরম ভাঙন। বিজেপির প্রভাবশালী নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী লতিকা মিস্ত্রি, সুদেষ্ণা দাস সহ প্রায় ৩ হাজার বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
রবিবার সন্দেশখালিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। উপস্থিত ছিলেন তৃণমূলের আরেক শীর্ষ নেতা সুজিত বসুও। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা নিঃসন্দেহে তৃণমূলের কাছে বড় সাফল্য, এবং বিজেপির জন্য গুরুতর বার্তা।
এক সময় এই সন্দেশখালিই ছিল বিজেপির সংগঠনের অন্যতম শক্ত ঘাঁটি। রেখা পাত্র, লতিকা মিস্ত্রিরা ছিলেন এই এলাকার পরিচিত বিজেপি মুখ। এমনকি ২০২৪-এর লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন জায়গায় প্রচারেও দেখা গিয়েছিল তাঁদের। অথচ সেই নেতারাই এখন তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, একুশে জুলাইয়ের আগে এই যোগদান শুধু রাজনৈতিক বার্তাই নয়, তৃণমূলের কৌশলগত চালও বটে। প্রতিবছর এই সভার আগে রাজনৈতিক চমক থাকে—এবার সন্দেশখালি থেকেই এল সেই চমক।
তৃণমূল সূত্রে খবর, এই তিন হাজার কর্মীর মধ্যে রয়েছেন বহু বুথস্তরের সক্রিয় কর্মী। ফলে শুধু প্রতীকী নয়, সাংগঠনিক দিক থেকেও বিজেপিকে বড় ধাক্কা দিল ঘাসফুল শিবির।







