রাজনীতির আঁচ ধীরে ধীরে চড়ছে রাজ্যে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের নন্দীগ্রামের মাটি থেকে বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিজেপির একটি কর্মিসভায় উপস্থিত হয়ে তিনি নিজেকে ‘ছোট চৌকিদার’ বলে উল্লেখ করেন। বলেন, “দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী, আর আমি আপনাদের ছোট চৌকিদার। আনন্দে একবার আসব, দুঃখে সঙ্গে সঙ্গে পৌঁছে যাব।”
নন্দীগ্রামের সঙ্গে আত্মিক সম্পর্কের কথা জানিয়ে শুভেন্দু বলেন, “নন্দীগ্রাম আমার মন্দির, আমার ভদ্রাসন। আমি এখানে প্রথম এসেছিলাম ২০০৩ সালে। আজ ২০২৫, এখনও আপনাদের ভালবাসায় আমি এখানে দাঁড়িয়ে।” ২০২৬-এর নির্বাচনে দল চাইলে ফের নন্দীগ্রাম থেকেই লড়াইয়ে নামার বার্তাও দিয়ে দেন তিনি।
এদিন তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলেন, “চব্বিশের লোকসভা ভোটে আমরা এখানে জয় পেয়েছি। কোথাও একটাও তৃণমূল কর্মীর বাড়িতে হামলা হয়নি। কিন্তু একুশের ফল বেরনোর পর তৃণমূলের দুষ্কৃতীরা এখানে নানা জায়গায় ঝামেলা করেছে।” পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন তিনি।
আগামী বিধানসভা নির্বাচন নিয়ে আশাবাদী শুভেন্দু বলেন, “আর মাত্র আট মাস বাকি। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, প্রাক্তন হবেন। ছাব্বিশের লড়াইয়ে সকলের সাহায্য চাই। আমাদের লক্ষ্য নন্দীগ্রামকে সুরক্ষিত রাখা এবং শান্তি বজায় রাখা।”
এই সভা থেকে একদিকে যেমন দলীয় কর্মীদের চাঙ্গা করেছেন, অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে আগাম নির্বাচনী যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ‘ছোট চৌকিদার’ শুভেন্দু অধিকারী।







