জেলা

ফাদারস ডে তে মর্মান্তিক ঘটনা, ছেলেকে ট্রেনে তুলে দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত বাবা

রবিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশনে ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ছেলেকে ট্রেনে তুলে দিতে এসে প্রাণ হারালেন এক বাবা। মৃত ব্যক্তির নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস (বয়স ৫২), তিনি দুর্গাপুর সিটি সেন্টারের সুকান্ত পথ এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎবাবুর ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। এদিন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে ছেলেকে কলকাতায় পাঠাতে এসেছিলেন তিনি। প্ল্যাটফর্মে ছেলেকে ট্রেনে তুলে দিয়ে নিজে নামার চেষ্টা করেন বিদ্যুৎবাবু। ঠিক সেই সময়ই ট্রেন চলতে শুরু করে।

দ্রুত নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে লাইনে পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে চলে যান এবং ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি প্রত্যক্ষ করে হতবাক হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা।

খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের অনেকেই বলছেন, ছেলের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিলেন এক বাবা। দুর্ঘটনার পর ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশ্ন উঠছে, প্ল্যাটফর্মে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও।

এই ঘটনার পর অনেকেই বলছেন, এক মুহূর্তের অসাবধানতা যে কত বড় ট্র্যাজেডিতে পরিণত হতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল এই দুর্ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.