অস্ট্রেলিয়ার মাটিতে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি নজরকাড়া পারফরম্যান্স দিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মুগ্ধ করেছেন। মাত্র ২১ বছর বয়সী এই অলরাউন্ডার তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
পার্থে সিরিজের প্রথম টেস্টে নাথান লায়নের বিরুদ্ধে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে রেড্ডি তার সামর্থ্য দেখিয়েছিলেন। এরপর অ্যাডিলেডে মিচেল স্টার্কের একটি দ্রুত গতির বলে চোখ ধাঁধানো কভার ড্রাইভে ছক্কা মেরে প্রমাণ করেছেন, তার ব্যাটের গতিও অবিশ্বাস্য। তার ব্যাট থেকে আসা ৪১, ৪২ এবং ৪২ রান ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল, যদিও তিনি এখনো নিজের ইনিংস বড় করতে পারেননি।
সাবেক ডাচ তারকা ও ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট বলেন, “রেড্ডি তার সীমিত সময়ে যা দেখিয়েছে, তা অসাধারণ। সে খুব কাঁচা কিন্তু তার সম্ভাবনা বিশাল।” ভারতের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে রেড্ডি যেন সঠিক সময়ে সঠিক খুঁটি। বিশেষ করে যখন শার্দুল ঠাকুরের মতো খেলোয়াড়ের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আইপিএলে রেড্ডির পারফরম্যান্স তার উত্থানে বড় ভূমিকা রেখেছে। যদিও ঘরোয়া ক্রিকেটে তার রেকর্ড অতটা প্রভাবশালী নয়, তবুও তার সাহসী স্ট্রোক আর চাপের মুহূর্তে পারফর্ম করার ক্ষমতা ভারতীয় দলের জন্য অমূল্য।
অস্ট্রেলিয়ার কঠিন পরিবেশে ব্যাটিং করা সহজ নয়। তবে রেড্ডি, যিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, নিজের কাজটা দারুণভাবে করছেন। তার শক্তিশালী হাত আর আক্রমণাত্মক শট নির্বাচনের দক্ষতা তাকে ভবিষ্যতে আরও বড় মঞ্চে সাফল্য এনে দেবে।







