টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে অনুশীলনে খুব বেশি চাপ নিতে দেখা গেল না ভারতীয় ক্রিকেটারদের। ম্যাচের আগের দিন সীমিত পরিসরেই অনুশীলন করেছে দল। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার ও বোলার হলেও এই বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজেদের সেরা ছন্দ খুঁজে পাননি তাঁরা। ফলে ফাইনালের আগে তাঁদের ফর্ম নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় টিম ম্যানেজমেন্ট।
শনিবারের অনুশীলনে উপস্থিত ছিলেন হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, অভিষেক শর্মা, রিঙ্কু সিংহ এবং তিলক বর্মা। দর্শকাসনে দেখা যায় অভিষেকের বাবা রাজকুমার শর্মাকেও। অনুশীলনের এক পর্যায়ে অভিষেককে দীর্ঘ সময় ধরে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট কথা বলেন দু’জন। দলের পক্ষ থেকে অভিষেকের উপর আস্থা এখনও অটুট বলেই ইঙ্গিত মিলেছে। ফাইনালেও তাঁর খেলার সম্ভাবনা প্রবল।
এরপর নেটে ব্যাট করতে নামলেও বরুণ চক্রবর্তীর বল একাধিকবার সমস্যায় ফেলেছে অভিষেককে। অন্যদিকে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের পর্যবেক্ষণে পেসারদের বিরুদ্ধে মাটি ঘেঁষা শট খেলতে দেখা যায় তাঁকে। শেষের দিকে নেট বোলারদের বিরুদ্ধে বেশ কিছু আক্রমণাত্মক শটও খেলেন তিনি।
পেসারদের মধ্যে বুমরাহকে নির্দিষ্ট জায়গায় বল ফেলতে বারবার অনুশীলন করতে দেখা যায়। তাঁর পাশের নেটে বল করেন অক্ষর পটেল। অভিষেক ও তিলক বর্মা স্পিন এবং পেস—দুই ধরনের বলের বিরুদ্ধেই ব্যাটিং অনুশীলন করেন। অন্যদিকে সঞ্জু স্যামসনকে ব্যাট হাতে দেখা যায়নি। তিনি ফুটবল খেলেই গা ঘামিয়েছেন।
নিউ জ়িল্যান্ডের স্পিন আক্রমণ মাথায় রেখেই বিশেষ প্রস্তুতি নিয়েছে ভারত। কোল ম্যাকঞ্চি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র এবং মিচেল স্যান্টনারের বিরুদ্ধে পরিকল্পনা করেই নেটে বেশি করে স্পিন খেলতে দেখা যায় ভারতীয় ব্যাটারদের।
ফাইনালের আগে তাই ভারতীয় শিবিরে চাপ কম রাখার চেষ্টা হলেও, কৌশলগত প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না টিম ম্যানেজমেন্ট।







