আসানসোল: ফের প্রকৃতির রোষ! পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে দামোদর নদীর ওপর থাকা অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ল হঠাৎ করেই। আচমকা জলস্তর বেড়ে যাওয়াতেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে।
এই ব্রিজটি দীর্ঘদিন ধরেই দুই জেলার মধ্যে বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এই ব্রিজ ব্যবহার করেন যাতায়াতের জন্য। কিন্তু হঠাৎ করেই ভেঙে পড়া এই সেতু এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাত থেকেই দামোদর নদীতে জলস্তর বাড়ছিল। সোমবার সকাল নাগাদ সেই জল এতটাই চড়ায় পৌঁছায় যে, বাঁকুড়া প্রান্তে ভাঙন শুরু হয়। তারপরেই তীব্র স্রোতের চাপে ব্রিজের একাংশ ভেঙে পড়ে নদীতে।
ব্রিজ ভেঙে যাওয়ার ফলে একদিকে যেমন বন্ধ হয়েছে যানচলাচল, তেমনই বিপাকে পড়েছেন স্কুল-কলেজ পড়ুয়া, অফিসগামী মানুষ থেকে শুরু করে রোগী পরিবহণ পর্যন্ত।
স্থানীয়রা জানিয়েছেন, বাঁকুড়া প্রান্তে একটি নৌকা দিয়ে পারাপারের চেষ্টা চলছে বটে, কিন্তু নদীর জলস্তর যেভাবে বেড়েছে, তাতে কোনও ঝুঁকি না নিয়ে প্রশাসনের তরফে বিকল্প ব্যবস্থা না নিলে বড়সড় বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঘটনাস্থলে পৌঁছেছে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। ইতিমধ্যেই নদীর দুই পাড়ে টহল শুরু করেছে সিভিল ডিফেন্স ও পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তবে বর্ষা মাথায় রেখে স্থায়ী ব্রিজের দাবি আরও জোরালো হচ্ছে স্থানীয়দের মধ্যে।







