জেলা

চোপড়ায় তরুণী খুনের রহস্যভেদে তদন্তে চোপড়া থানার পুলিশ, দড়ি-জুতো সহ একাধিক প্রমাণ উদ্ধার

চাঞ্চল্যকর তরুণী খুনের ঘটনায় এবার আরও এক ধাপ এগোল তদন্ত। আজ সরাসরি ঘটনাস্থলে পৌঁছে আসামিকে সঙ্গে নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করল চোপড়া থানার পুলিশ। মৃতার গলায় পেঁচানো দড়ি, ওড়না ও একটি জুতো উদ্ধার হয়েছে অভিযুক্তের দেখানো পথেই। নিজের হাতে সমস্ত প্রমাণ তুলে দিয়েছে অভিযুক্ত।

উল্লেখ্য, গত ৮ জুন চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের যত্রাগছ এলাকার তরুণীর দেহ উদ্ধার হয় চা বাগানের জঙ্গল থেকে। এই খুনের পরদিনই আত্মসমর্পণ করে হবু স্বামী সুলতান। জানা গিয়েছে, মাত্র এক মাস আগে তাদের বিয়ে ঠিক হয়েছিল, আর ১৯ জুন ছিল বিয়ের দিন।

হঠাৎ এই মর্মান্তিক ঘটনার জেরে শোকস্তব্ধ গোটা পরিবার। গত ৭ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন তরুণী, পরদিন দেহ মেলায় এলাকা জুড়ে নেমে আসে শোক ও ক্ষোভ। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লক্ষ্মীপুর। রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

তাদের দাবি, এই খুনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে, শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করলেই চলবে না। দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে গোটা গ্রাম। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—যেখানে বিয়ের দিন পাকা হয়ে গিয়েছিল, সেখানে কেন এমন নিষ্ঠুর খুন? এর পিছনে কি রয়েছে প্রেম, প্রতারণা না অন্য কোনও গভীর রহস্য? সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে চোপড়া থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.