মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের সক্রিয় উদ্যোগে মালদায় ফিরছে সেই প্রতীক্ষিত গর্ব— ‘আম মেলা’। বাংলার মুকুটে এক উজ্জ্বল পালক মালদার আম, আর সেই ঐতিহ্যকেই সম্মান জানিয়ে ১৯ জুন থেকে ২২ জুন পর্যন্ত মালদা কলেজ ময়দানে বসছে আম মেলা।
এই চারদিনে শুধুই আম নয়, থাকবে আমকে ঘিরে গড়ে ওঠা সংস্কৃতি, শিল্প ও স্বাদের বিস্তৃত পসরা। হাঁসনাহাটির ফজলি, লক্ষণভোগ, হিমসাগর থেকে শুরু করে সারা জেলার নানান প্রজাতির আমের স্বাদে মাতবে মেলা। সঙ্গে থাকবে আম দিয়ে তৈরি বিশেষ মিষ্টান্ন – আমসত্ত্ব, আম জেলি, পাকা আমের আচারে ভরপুর ফুড স্টল ও হ্যান্ডিক্রাফটস।
এই আম মেলাকে ঘিরে বাড়তি চমক – দুটি ট্যাবলো। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই ট্যাবলো দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে। তাঁর সঙ্গে ছিলেন জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
জেলার কৃষকদের উদ্যম, জেলার ঐতিহ্য এবং আম চাষের গৌরবকে তুলে ধরতেই এই মেলা এক নতুন দিগন্ত খুলে দেবে। শুধু ক্রেতা-বিক্রেতার মিলনমেলা নয়, এই অনুষ্ঠান হয়ে উঠবে বাংলার গর্বের উৎসব।
তাই আর দেরি নয়— আসুন, আমে-ভরে যাক আপনার দিন, স্বাদে-ভরে যাক আপনার মন!
স্থান: মালদা কলেজ ময়দান
তারিখ: ১৯ থেকে ২২ জুন ২০২৫
সময়: সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত
মালদার আম, বাংলার গর্ব – আপনিও হয়ে উঠুন এই ঐতিহ্যের অংশ!







