পরাজয়, অবনমন ও হাসপাতালে ভর্তি—ইটালির ক্লাব সালেরনিতানার কাছে যেন এক দুঃস্বপ্নের রাত কাটল। সাম্পদোরিয়ার বিরুদ্ধে সিরি বি লিগের ম্যাচে ০-২ গোলে হারার পর অবনমনের সম্ভাবনায় যখন ক্লাব ঘিরে অস্বস্তি, ঠিক তখনই ফেরার পথে আরও বড় বিপত্তি। বিমানে পেট ব্যথা ও বমি শুরু হয় দলের একাধিক সদস্যের।
পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, বিমানবন্দরেই চারটি অ্যাম্বুল্যান্স অপেক্ষায় রাখা হয়। ক্লাবের ২১ জন—যাঁদের মধ্যে রয়েছেন আটজন ফুটবলার ও ১৩ জন সাপোর্ট স্টাফ—তাঁদের তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই শারীরিক সমস্যা। তবে সৌভাগ্যবশত, চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
জানা গিয়েছে, ম্যাচ শেষে দলের সদস্যরা হোটেল থেকে কিছু খাবার সঙ্গে করে নিয়ে বিমানবন্দরের দিকে রওনা দেন। সেই খাবার খাওয়ার পরই অসুস্থতা শুরু হয়। ক্লাবের পক্ষ থেকে সিরি বি কর্তৃপক্ষকে জানানো হয়, খেলোয়াড়দের শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাদের পরবর্তী ম্যাচ বাতিল করা হোক। কর্তৃপক্ষ সেই অনুরোধ মেনেও নেয়।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, দলের পুষ্টিবিদের নির্দেশ মতোই খাবার প্রস্তুত করা হয়েছিল। তা হলে কীভাবে বিষক্রিয়া ঘটল? নিছক দুর্ঘটনা না কি এর নেপথ্যে আছে অন্য কোনও চক্রান্ত? তদন্ত চলছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে পেশাদার লিগে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে।







