বিরল উদাহরণ তৈরি করলেন বেন স্টোকস। শুধু ফিটনেসে মন দিতে মদ্যপান ছেড়ে দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। জানুয়ারি থেকে এক ফোঁটাও পান করেননি তিনি। কারণ? সামনে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ টেস্ট সিরিজ এবং বছরের শেষে অ্যাশেজ। চোটে জর্জরিত স্টোকস এবার নিজের শরীরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে ফেরার মিশনে নেমেছেন।
চোট, অপবাদ আর প্রত্যাবর্তনের গল্প স্টোকসের নতুন কিছু নয়। ডিসেম্বরের নিউ জিল্যান্ড সফরে হ্যামস্ট্রিং ছিঁড়ে ছ’মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এর আগেও একাধিকবার চোট তাঁর ক্যারিয়ারে ছায়া ফেলেছে। এবার সেই অধ্যায়ের বদলে এক নতুন ‘ফোকাসড’ স্টোকসকে দেখতে পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। সম্প্রতি একটি পডকাস্টে স্টোকস বলেন, “মদ খাওয়ার পর চোট পেয়েছিলাম, সেই থেকেই ভাবলাম—পরিবর্তন দরকার।”
ক্রিকেট ছেড়ে দেওয়ার কোনও চিন্তাই নেই তাঁর মনে। বরং আরও ফিট, আরও তীক্ষ্ণ হয়ে ফিরতে চান। তিনি বলেন, “যে দিন মনে হবে অনুশীলনে ইচ্ছা করছে না, সে দিনই ক্রিকেট ছাড়ব। কিন্তু এখন আমি আরও পরিশ্রম করতে চাই, জিমে যেতে চাই, মাঠে নিজের সেরাটা দিতে চাই।”
এই মানসিকতা শুধু স্টোকসের নয়, এক জন প্রকৃত অধিনায়কের প্রতিচ্ছবি। খেলার প্রতি নিষ্ঠা, দায়িত্ববোধ আর আত্মসংযমের এই নজির হয়তো ইংল্যান্ড টিমকে ভারত সফরে আলাদা অনুপ্রেরণা দেবে। মাঠে ফেরার আগে মনের ভিতরে জেতাই তো আসল প্রস্তুতি।







