জেলা

কাবিলপুরের বেহাল রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, ৬ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় মা

মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের কাবিলপুর কাশিয়াডাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ৬ বছরের শিশুর। গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার মা। শুক্রবারের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলার ভবানীপুর থেকে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুপুত্র ইয়াসিন শেখ (৬) বাইকে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল বালিয়া গোপালপুর। রাজারামপুর ঘাট পার হয়ে যখন তাঁরা কাবিলপুরের কাশিয়াডাঙ্গা এলাকায় পৌঁছন, ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে যান তিনজনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট ইয়াসিনের। তার মা, তারিফা বিবি গুরুতর আহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা রুবেল শেখ কোনরকমে প্রাণে রক্ষা পান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, কাবিলপুরের এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। একাধিকবার অভিযোগ জানানোর পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগেও এই রাস্তায় বহু প্রাণহানি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এই দুর্ঘটনা ফের একবার প্রশাসনিক গাফিলতির ছবি তুলে ধরল বলে অভিযোগ উঠেছে। এলাকায় আরও বিক্ষোভ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কার করতে হবে এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.