তুঙ্গে পৌঁছেছিল পারিবারিক অশান্তি। রাগ করে বাপের বাড়ি যান স্ত্রী। আর সেই রাগ ভাঙিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি গিয়েই মর্মান্তিক পরিণতি স্বামীর। অভিযোগ, সেখানেই ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী। ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুর থানা সংলগ্ন সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বালুচর গ্রামে।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত বছর ৩৮ এর আব্দুল রহমান ।
জানা গিয়েছে, আব্দুল রহমান ও তাঁর স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি লেগে হত। সম্প্রতি ঝগড়ার পর স্ত্রী বাপের বাড়ি চলে যায় । স্ত্রীকে ফিরিয়ে আনতে তিনি শ্বশুরবাড়ি যান। কিন্তু সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়। বচসা চরমে পৌঁছায়। অভিযোগ, বচসার মাঝেই স্ত্রী আচমকা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল রহমানের গোপনাঙ্গ কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের হয়।







