মহারাষ্ট্রের নাগপুরে এক বায়ুসেনা আধিকারিকের স্ত্রীর উপর ধর্ষণ, ব্ল্যাকমেল এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর এক অভিযুক্ত মৌলবীর খোঁজে তল্লাশি চলছে।
অভিযোগ, ২৪ বছর বয়সী ওই যুবতীর সঙ্গে পরিচয়ের সূত্রে ঘনিষ্ঠতা তৈরি করেন প্রধান অভিযুক্ত আজ্জাজ তাজ মাদরে। পরে তাঁকে মুম্বইয়ের বান্দ্রার একটি হোটেলে নিয়ে গিয়ে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয় বলে অভিযোগ। যুবতীর দাবি, অচেতন অবস্থার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল শুরু করা হয়।
নির্যাতিতার অভিযোগ, ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা আদায় করা হয়। পাশাপাশি একাধিকবার তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। শুধু তাই নয়, তাঁকে ইসলাম ধর্ম গ্রহণের জন্যও চাপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলাকে ধর্মীয় আচার পালনে বাধ্য করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মহিলার হাত ধরে রাখতে এবং ধর্মীয় মন্ত্র পাঠ করতে দেখা যায়। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার স্বামী কর্মসূত্রে অন্য শহরে ছিলেন। তিনি বাড়ি ফেরার পর স্ত্রী তাঁর কাছে গোটা ঘটনার বর্ণনা দেন। এরপর সোনাগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ ধর্ষণ, ব্ল্যাকমেল, অর্থ আদায়, জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টা এবং সংশ্লিষ্ট অন্যান্য ধারায় মামলা রুজু করেছে।
গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







