একদিকে যখন বিজেপির একাংশ জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলছেন, তখন তৃণমূল স্তরের চিত্র একেবারেই ভিন্ন। দলমত ভুলে মহাপ্রসাদ গ্রহণ করছেন বিজেপি থেকে সিপিএম—সব দলের কর্মী-সমর্থকরা। আর সেই ছবিই এখন ভাইরাল সমাজ মাধ্যমে।
আলিপুরদুয়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডে শুক্রবার মহাপ্রসাদ বিলি হয়। সেখানে বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ পারমিতা দের বাড়িতে নিজেই প্রসাদ হাতে পৌঁছে যান পুর চেয়ারম্যান বাবলু কর। পারমিতা নিজে বেরিয়ে এসে ভক্তিভরে প্রসাদ গ্রহণ করেন, বলেন, “ঠাকুর সবার। ঠাকুরের প্রসাদে রাজনীতি নয়।” বিজেপি প্রার্থী দেবাশিস সরকারের স্ত্রী, এমনকি বিজেপির অফিস সম্পাদক শঙ্কর সিনহার স্ত্রীও গ্রহণ করেছেন সেই মহাপ্রসাদ।
শুধু তাই নয়, শহরের ৭ নম্বর ওয়ার্ডেও মহাপ্রসাদ নিয়ে পথে নামেন তৃণমূল কাউন্সিলর পার্থপ্রতিম ঘোষ। সেখানেও বিজেপি নেতা নেপাল সাহা হাসিমুখে প্রসাদ নেন। প্রসাদ বিলি হয়েছে সিপিএমের কো-অর্ডিনেশন কমিটির অফিসেও। জেলা জুড়ে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার পরিবারে পৌঁছে দেওয়া হয়েছে জগন্নাথ দেবের প্রসাদ।
পুর চেয়ারম্যান বলেন, “মুখ্যমন্ত্রী সকলের জন্য প্রসাদ পাঠিয়েছেন। ধর্ম নয়, এই উৎসবের বার্তা—একতা ও ভক্তি। যারা কুৎসা রটাচ্ছেন, তাঁরা আসলে জনবিচ্ছিন্ন।”
রাজনীতি যেখানে বিভাজনের কথা বলে, সেখানেই জগন্নাথ দেবের প্রসাদ হয়ে উঠেছে সংহতির প্রতীক। দলমত-সম্প্রদায় ভুলে সকলে বলছেন—জয় জগন্নাথ!







