যখন প্রতি মুহূর্তে বেজে চলেছে যুদ্ধের দামামা, ঠিক তখনই সেই অগ্নিগর্ভ দেশের মাটিতে আটকে পড়েছেন নদীয়ার শান্তিপুরের তিন যুবক। সোনার কাজের টানে বহু বছর আগে বিদেশ পাড়ি দিয়েছিলেন আফিরুল শেখ, আশরাফুল শেখ ও সাবের আলী। কিন্তু আজ যুদ্ধই হয়ে উঠেছে তাঁদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন।
শান্তিপুর শহরের ৩ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় আজ শোকের ছায়া। পরিবারের চোখে শুধুই উদ্বেগ আর অশ্রু। অজানা আতঙ্কে দিন গুনছেন মা-বাবা, স্ত্রী, সন্তান। ফোনে মাঝেমাঝে কথা হয় বটে, কিন্তু অনিশ্চয়তা থেকে যায়—”ফিরতে পারব তো?”
ইরানের মাটিতে দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে নাগরিক জীবন। আকাশে ছায়া ফেলছে ড্রোন, আর মাটিতে দগ্ধ হচ্ছে স্বপ্ন। এই অবস্থায় প্রিয়জনেরা দিন গুনছেন, কবে ফিরবে তাঁদের ছেলেরা, কবে বাড়ির উঠোনে আবার শোনা যাবে তাদের কণ্ঠস্বর।
এখন একটাই প্রার্থনা—রাজ্য সরকার দ্রুত হস্তক্ষেপ করুক। পররাষ্ট্র মন্ত্রকের সহায়তায় নিরাপদে ফিরিয়ে আনা হোক শান্তিপুরের এই তিন সাহসী শ্রমিককে। কারণ সোনার টানে পাড়ি দিলেও, পরিবারের কাছে তারা অমূল্য রত্ন।







