নিউটাউনের অভিজাত আবাসনে এক বিভীষিকাময় সকাল। রাস্তার পাশে নিথর পড়ে আছে ১০টি পথকুকুর—কেউ ছটফট করছে, কেউ নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। অসহায় দৃশ্য দেখে স্তব্ধ স্থানীয় মানুষ। আর ঠিক তখনই সামনে আসে এক চাঞ্চল্যকর অভিযোগ—পথকুকুরদের খাবারে নাকি মিশিয়ে দেওয়া হয়েছে মারাত্মক বিষ!
প্রাণীপ্রেমী মৈত্রেয়ী পাঠক, যিনি বহু বছর ধরে এই এলাকার পথকুকুরদের খাওয়ানো ও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, এই অমানবিক ঘটনার বিরুদ্ধে সরব হন। তিনি টেকনো সিটি থানায় দায়ের করেছেন লিখিত অভিযোগ। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ধারা ও পশু নির্যাতন প্রতিরোধ আইনের ১১ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই একটি কুকুর মারা গিয়েছে, একটি নিখোঁজ, বাকি আটটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এই ঘটনা কোনও বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় বলেই মনে করছেন স্থানীয় পশুপ্রেমীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই চলছিল কুকুরদের উপর মানসিক নির্যাতন, গালিগালাজ, এমনকি খাবার বন্ধ করে দেওয়ার হুমকি। এবার সেই বিরোধ পরিণত হল নৃশংস হামলায়।
আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে ঘটনাটি। পশুপ্রেমীরা প্রশ্ন তুলছেন—এ কোন সমাজে বাস করছি আমরা? যেখানে অসহায় প্রাণীদেরও নিস্তার নেই! দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গর্জে উঠেছে মানবতা।
নিউটাউন কেঁপে উঠেছে, কুকুরদের কান্না কি এবার শুনতে পাবে প্রশাসন?







