কলকাতা

আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি! সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য? হাইকোর্টে জনস্বার্থ মামলা, বিতর্ক তুঙ্গে

আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে রাজ্যে নতুন করে বিতর্কের ঝড়। এবার এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর অভিযোগ, সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশিকা লঙ্ঘন করেই রাজ্য সরকার বিক্রির পথে হাঁটছে চিড়িয়াখানার মূল্যবান জমি। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে। আবেদনকারীর তরফে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে।

এই ইস্যুতে প্রথম সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ৫০ কাঠা সরকারি জমি ১ হাজার কোটি টাকায় বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিজেপি এর প্রতিবাদে জানুয়ারি মাসে চিড়িয়াখানার সামনে পর্যন্ত এক বিশাল মিছিলও করে।

সূত্রের খবর অনুযায়ী, আলিপুর চিড়িয়াখানার মূল ফটকের অপর পাশে রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম, অডিটোরিয়াম, পশু হাসপাতাল, নার্সারি ও স্টাফ কোয়ার্টার। এর মধ্যে অডিটোরিয়াম ও স্টাফ কোয়ার্টারের অবস্থা বেহাল। কিন্তু সেই সত্ত্বেও, সেই জমি বাণিজ্যিক ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ।

সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে—একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে বাণিজ্যিক স্বার্থ। কোনটি হবে প্রাধান্য? আদালতের রায়ের দিকেই তাকিয়ে এখন গোটা রাজ্য। জমি বিক্রির এই সিদ্ধান্ত কি আদৌ টিকবে আইনি চ্যালেঞ্জে? নাকি পরিবেশ ও ঐতিহ্যের স্বার্থে বন্ধ হবে এই বেচাকেনা? উত্তর পাবে রাজ্যবাসী আগামী শুনানিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.