হুগলির গোঘাটে ২০১১ সালের খুনের ঘটনায় অবশেষে রায় দিল আরামবাগ আদালত। গুলিতে নিহত তৃণমূল নেতা নইমুদ্দিন খুনের মামলায় এক তৃণমূল নেতা বলদেব পালকে মৃত্যুদণ্ড এবং আরও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। চাঞ্চল্যকরভাবে, এই ১৮ জনের মধ্যে ১২ জনই তৃণমূলের কর্মী, বাকিরা সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত।
এমন রায় ঘোষণার পর, আদালতের বাইরে দেখা গেল এক ভিন্ন ছবি—মিষ্টি বিলি করে আনন্দে মেতে উঠলেন তৃণমূল কর্মীরা! গোঘাটের রাস্তায় দলের পতাকা হাতে, স্লোগানে মুখরিত হয়ে পথচারীদের মধ্যে মিষ্টি বিলি করলেন তৃণমূল নেতা শেখ সাকিম ও তাঁর অনুগামীরা।
এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি ও সিপিএম কটাক্ষ করে বলেছে, “ফাঁসি ও যাবজ্জীবনের সাজা পেয়ে তৃণমূল কীসের উৎসবে মেতেছে?”
এর জবাবে শেখ সাকিম জানিয়েছেন, “আমাদের নেতা নইমুদ্দিনকে প্রকাশ্যে গুলি করে খুন করেছিল সিপিএমের হার্মাদরা। আজকের রায়ে আমরা বিচার পেলাম। তাই আনন্দে মিষ্টিমুখ। এই রায় আমাদের কাছে ন্যায়ের জয়।”
মামলায় মোট ৩০ জন অভিযুক্ত ছিলেন, যাদের মধ্যে চার জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। পাঁচজন সিপিএম ও দুই তৃণমূল কর্মীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই রায় শুধু গোঘাট নয়, হুগলির রাজনৈতিক আবহেও নতুন বিতর্কের আগুন জ্বালিয়ে দিল—ফাঁসির সাজায় মুখে মিষ্টি, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।







