দেশ

স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে বোমাতঙ্ক, হুমকি ই-মেলে বাড়ল নিরাপত্তা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়াল রাজধানী দিল্লিতে। দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-সহ মোট ছয়টি জায়গায় বোমা রাখা হয়েছে বলে হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়েছে। জামনগর হাউস, ঝান্ডেওয়ালা বিল্ডিং, এমবি সাকেত অফিস এবং ডিএম অফিসেও একই ধরনের হুমকি মেল পৌঁছেছে। মেল পাওয়ার পরই সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান।

শুক্রবার সকালে দিল্লি হাইকোর্ট এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই বোমা হামলার হুমকি আসে। হুমকি মেলে লেখা ছিল, “ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২.১১।” মেলটি পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে দিল্লি পুলিশ। হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি মেলে উল্লেখিত সমস্ত জায়গায় নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সূত্রের খবর, এই হুমকির সঙ্গে খালিস্তানি যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ, পাঠানো ই-মেলে খালিস্তানের উল্লেখ রয়েছে। দিল্লিকে খালিস্তানে পরিণত করার হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে, শনিবার ১৫ অগস্ট দুপুর ২টো ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বিস্ফোরণ ঘটানো হবে। তার এক ঘণ্টা পর থেকে একাধিক জেলা আদালতেও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।

হুমকি মেলে আরও দাবি করা হয়েছে, “দিল্লি কোর্ট শুধু শিখদের বিরুদ্ধে মামলা শোনে।” শিখরা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে বলেও মেলে উল্লেখ করা হয়েছে।

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দর ছাড়াও জামনগর হাউস, ঝান্ডেওয়ালা বিল্ডিং, এমবি সাকেত অফিস এবং ডিএম অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লি মেট্রো এবং অম্বালাগামী ট্রেনেও হামলার হুমকি রয়েছে বলে জানা গিয়েছে। ই-মেলের উৎস খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.