দেশ

জালিয়াতদের যম! দেশের ব্যাংকিং জগতে আসছে নতুন ডিজিটাল পাহারাদার

দেশের ব্যাংকিং ব্যবস্থায় বিপ্লব ঘটাতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও ব্যাঙ্ক অফ বরোদা (BoB)। এই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংক একত্রে তৈরি করতে চলেছে এক যুগান্তকারী রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যা কাজ করবে অনেকটা পুলিশের মতো—২৪ ঘণ্টা নজর রাখবে সমস্ত ব্যাংক লেনদেনের উপরে। লক্ষ্য একটাই—যে কোনও প্রতারণামূলক লেনদেন হাতেনাতে ধরে ফেলা ও সাধারণ গ্রাহকের টাকা সুরক্ষিত রাখা।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে ব্যাংক জালিয়াতির পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। ৩৬ হাজার কোটিরও বেশি টাকা প্রতারকদের কবলে গেছে। এই উদ্বেগজনক পরিসংখ্যানের পরই SBI ও BoB এই পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, এই দুই ব্যাংকের পাশাপাশি দেশের আরও ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও অংশীদার থাকবে এই প্রকল্পে। তৈরি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স কর্পোরেশন (IDPIC) নামে নতুন সংস্থা, যা হবে একটি নন-প্রফিট অর্গানাইজেশন (সেকশন ৮ কোম্পানি)। শুরুতেই SBI ও BoB প্রত্যেকে ১০ কোটি টাকা করে বিনিয়োগ করছে। সংস্থার মোট মূলধন ধরা হয়েছে ৫০০ কোটি টাকা।

এই সংস্থা আরবিআইয়ের তৈরি AI ও Machine Learning ভিত্তিক মডেল ব্যবহার করবে, যার মাধ্যমে সহজেই ‘Mule Accounts’—অর্থাৎ প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়ো অ্যাকাউন্ট—চিহ্নিত করা সম্ভব হবে। এনপিসিআইয়ের প্রাক্তন চেয়ারম্যান এ.পি. হোতার নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মেনেই গড়ে উঠছে এই প্রকল্প।

বর্তমানে কানাড়া ব্যাংক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাংক আরবিআইয়ের MuleHunter.AI সিস্টেম ব্যবহার করছে। কিন্তু IDPIC হবে আরও শক্তিশালী ও কেন্দ্রীভূত পরিকাঠামো, যা আগামী দিনে ভারতের ডিজিটাল আর্থিক ব্যবস্থার রক্ষাকবচ হয়ে উঠবে।

এই পদক্ষেপ শুধু জালিয়াতি রোধেই নয়, গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিংয়ে আস্থা আরও বাড়াবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.