যেখানে শেষ করেছিলেন, সেখানে ফিরলেন আবার। ন’মাস আগেও যা ছিল শুধু অতীতের গর্ব, আজ তা আবার বর্তমানের অহংকার। নীরজ চোপড়া—ভারতীয় ক্রীড়াজগতে যার নাম এক ইতিহাস, এক আশ্বাস। প্যারিস অলিম্পিক্সের রুপোর হতাশা আর চোটের সঙ্গে লড়াইকে পেছনে ফেলে, তিনি আবার জ্যাভলিনে বিশ্বের এক নম্বর। এই প্রত্যাবর্তন কেবল এক জন অ্যাথলেটের নয়, এক জাতির আত্মবিশ্বাসেরও।
বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সদ্য প্রকাশিত ক্রমতালিকায় ১৪৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নীরজ। তাঁকে টেক্কা দিতে পারেননি গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (১৪৩১) বা জার্মানির জুলিয়ান ওয়েবার (১৪০৭)। অলিম্পিক্স সোনা জয়ী পাকিস্তানের আর্শাদ নাদিমও রয়েছেন চার নম্বরে, ১৩৭০ পয়েন্ট নিয়ে।
এই সাফল্যের পেছনে রয়েছে ধারাবাহিকতা। গত মাসে দোহা এবং প্যারিসে অনুষ্ঠিত দুটি ডায়মন্ড লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নীরজ। দোহায় রুপো পেলেও, নিজের কেরিয়ারের প্রথম ৯০ মিটারের ছোঁয়া পেয়েছেন সেখানে। এরপর প্যারিসে সোনা জিতে নিজের শ্রেষ্ঠত্ব আরও মজবুত করেছেন।
নীরজের এই প্রত্যাবর্তন কেবল এক নম্বর হওয়ার গল্প নয়, এটি প্রত্যয়, পরিশ্রম ও প্রত্যাবর্তনের প্রতীক। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে যে ক’জন সত্যিই অনুপ্রেরণা হয়ে ওঠেন, নীরজ তাঁদের মধ্যে শীর্ষ সারিতে। তারকাদের উত্থান হয়, পতনও আসে। কিন্তু কিংবদন্তি হয়ে ওঠেন তাঁরাই, যারা ফিরে আসেন। নীরজ ঠিক সেই পথেই হাঁটছেন।







